গোপালগঞ্জে সমৃদ্ধ নতুন প্রজন্ম গড়ার দৃঢ় প্রত্যয়ে গোল্ডেন একাডেমির শিক্ষা সফর- শবানা পার্কে আনন্দঘন দিন কাটাল শিক্ষার্থীরা

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

সমৃদ্ধ, সচেতন ও মানবিক নতুন প্রজন্ম গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে গোপালগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গোল্ডেন একাডেমি শিক্ষার্থীদের জন্য আয়োজন করেছে এক আনন্দঘন ও শিক্ষামূলক শিক্ষা সফর। শনিবার (৭ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ শহরের জনপ্রিয় বিনোদন কেন্দ্র শবানা পার্কে দিনব্যাপী এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।
সকালে গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ এলাকায় অবস্থিত গোল্ডেন একাডেমি প্রাঙ্গণ থেকে শিক্ষক-শিক্ষিকাদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা শবানা পার্কে পৌঁছায়। সেখানে তারা মুক্ত ও প্রাকৃতিক পরিবেশে খেলাধুলা ও নানা বিনোদনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে প্রাণবন্ত সময় কাটায়।
শিক্ষা সফরের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় নানাবিধ আনন্দঘন খেলাধুলা ও প্রতিযোগিতা। এর মধ্যে ছিল উল্টো দৌড়, ব্যাঙ লাফ, বেলুন ফুটানো, বল নিক্ষেপসহ বিভিন্ন সৃজনশীল ও অংশগ্রহণমূলক খেলা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো পার্কজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের শিক্ষা সফর শিক্ষার্থীদের মানসিক বিকাশ, সামাজিকতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা ও বন্ধন দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জানা গেছে, গোল্ডেন একাডেমির প্রতিষ্ঠাতা পলাশ এই শিক্ষা সফরের পরিকল্পনা ও সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ সময় তিনি বলেন,
“শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং আনন্দময় পরিবেশে শেখার সুযোগ করে দিতেই এই শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে।”
সফরে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন তাদের পড়াশোনার চাপ কমিয়ে মানসিকভাবে চাঙা করে এবং বিদ্যালয়ের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তোলে।
অন্যদিকে শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে ভবিষ্যতেও নিয়মিতভাবে শিক্ষা সফর ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এ শিক্ষা সফর বাস্তবায়নে গোল্ডেন একাডেমির প্রধান শিক্ষক বিটু সরকার সার্বিক সহযোগিতা প্রদান করেন।

শেয়ার করুনঃ