মোমিন আলি লস্কর ও কুতুব উদ্দিন মোল্লা, জয়নগর:-
জয়নগর এক নম্বর ব্লকের মৎস্য দপ্তরের কর্মদক্ষ আধিকারিক ভবেশ রঞ্জন চক্রবর্তী আজ সাধারণ মানুষের কাছে এক আস্থার নাম। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের চন্দনেশ্বর গ্রামে তাঁর জন্ম। প্রত্যন্ত এই গ্রামেই দরিদ্র পরিবারে বড় হয়ে ওঠা ভবেশবাবু আজও নিজের শিকড় ভুলে যাননি।অভাব-অনটনের মধ্য দিয়ে জীবন শুরু হলেও, কোনও পারিশ্রমিকের প্রত্যাশা না রেখে তিনি দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছেন। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি নিরলসভাবে উদ্যোগী ভূমিকা পালন করছেন।
প্রতিদিন সকাল ও বিকেলে নিজের বাড়িতেই তিনি গ্রামের মানুষের জন্য সরকারি প্রকল্পের ফর্ম ফিল-আপ, আবেদন প্রক্রিয়া সংক্রান্ত সহায়তা এবং প্রকল্পের সুবিধা পাওয়ার পদ্ধতি সম্পর্কে দিকনির্দেশনা দিয়ে থাকেন। ব্লক প্রশাসনের কাজ সামলানোর পরেও বাড়িতে এই পরিষেবা চালু রেখে বহু মানুষের উপকার করে চলেছেন তিনি। সকাল-বিকাল এলাকাবাসী তাঁর বাড়িতে এসে সাহায্য নিচ্ছেন। এর ফলে বহু যোগ্য মানুষ সরকারি প্রকল্প থেকে বাদ পড়ার আশঙ্কা থেকে রক্ষা পাচ্ছেন।এই প্রসঙ্গে ভবেশ রঞ্জন চক্রবর্তী বলেন,“বর্তমানে নানা সমস্যার কারণে অনেক যোগ্য মানুষ সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। যাতে তাঁদের কোনও অসুবিধা না হয় এবং তাঁরা প্রাপ্য সুযোগ পান, সেই লক্ষ্য নিয়েই আমি এই কাজ চালিয়ে যাব।”ভবেশবাবুর এই মানবিক উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সাধারণ মানুষের স্বার্থে তাঁর এই নিরলস প্রচেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে এমনটাই আশাবাদী সকলের।