মোঃ নাদিরুজ্জামান প্রধান মানিক
পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের মানুষের অধিকার আদায় এবং এই অবহেলিত অঞ্চলকে একটি আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলার জোরালো অঙ্গীকার ব্যক্ত করেছেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। সম্প্রতি এক বিশেষ বার্তায় তিনি এই অঞ্চলের সুষম উন্নয়ন ও শোষণের বিরুদ্ধে ন্যায়বিচার প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
নির্বাচনী প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, “আমার নির্বাচনী ইশতেহার কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং এটি আমাদের আগামীর স্বপ্নের এক বাস্তব পথনকশা। দীর্ঘদিনের অবহেলিত এই জনপদকে শোষণের হাত থেকে মুক্ত করে সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য।”
তরুণ প্রজন্মের ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, “তারুণ্যই পরিবর্তনের শক্তি।
আমি বিশেষ করে তরুণ ভোটারদের প্রতি আহ্বান জানাই, আপনাদের জীবনের প্রথম মূল্যবান ভোটটি যেন পরিবর্তন, গণতন্ত্র এবং ধানের শীষের পক্ষে হয়। কর্মসংস্থান সৃষ্টি এবং তথ্যপ্রযুক্তি নির্ভর আধুনিক পাটগ্রাম-হাতীবান্ধা গড়ার কারিগর হবেন আপনারা।”
তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এই অঞ্চলের মানুষের নাগরিক মর্যাদা রক্ষায় তিনি আমৃত্যু কাজ করে যাবেন। সাধারণ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি নির্বাচনী বৈতরণী পার হতে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্যারিস্টার রাজীব প্রধানের এই উন্নয়নমুখী ও তারুণ্যনির্ভর বার্তা সাধারণ ভোটারদের মধ্যে বিশেষ করে তরুণদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।