খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা জেলার চারটি সংসদীয় আসনের সবগুলোতেই বিএনপি জোট সমর্থিত প্রার্থীরা বিজয় অর্জন করেছেন।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. শামীম রহমান তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, ভোলা-১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রার্থী আন্দালিব রহমান গরুর গাড়ি প্রতীক নিয়ে ১ লাখ ৫ হাজার ৫৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. নজরুল ইসলাম পেয়েছেন ৭৫ হাজার ৩৩৭ ভোট। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ পড়েছে ১ লাখ ৪৩ হাজার ৪৭৩ ভোট এবং ‘না’ পড়েছে ৪৪ হাজার ৭৩১ ভোট।
ভোলা-৩ আসনে বিএনপি প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ১ লাখ ৪৫ হাজার ৯৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মোহাম্মদ নিজামুল হক পেয়েছেন ৫৭ হাজার ৩৯১ ভোট।
ভোলা-২ আসনে বিএনপি প্রার্থী মো. হাফিজ ইব্রাহিম ১ লাখ ১৯ হাজার ৮৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. ফজলুল করিম পেয়েছেন ৯৩ হাজার ৭০৩ ভোট। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ পেয়েছে ৮৩ হাজার ৭০৪ ভোট এবং ‘না’ পেয়েছে ২৯ হাজার ১৬৬ ভোট।
ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী মো. নুরুল ইসলাম ১ লাখ ৮৯ হাজার ৩৫১ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ মোস্তফা কামাল পেয়েছেন ৮১ হাজার ৪৩৭ ভোট। এ আসনের গণভোটের ফলাফল পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
জেলার চারটি আসনেই বিএনপি জোটের বিজয়ে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে।