রাজাপুরে দাঁড়িপাল্লার অফিসে অগ্নিসংযোগ গণতন্ত্র ও আইনের শাসনের উপর নগ্ন হামলা: রাজাপুর–কাঁঠালিয়া উন্নয়ন ফোরাম

 

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে দাঁড়িপাল্লার নির্বাচনী অফিসে দুর্বৃত্তদের দ্বারা পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজাপুর–কাঁঠালিয়া উন্নয়ন ফোরামের সভাপতি মাওলানা মোঃ আবু ইউসুফ।

এক বিবৃতিতে তিনি বলেন, “এই বর্বর ও ন্যাক্কারজনক হামলা শুধুমাত্র একটি অফিসে আগুন দেওয়া নয়, এটি আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, ভিন্নমত দমন এবং গণতান্ত্রিক পরিবেশকে ভয় ও সন্ত্রাসের মাধ্যমে নষ্ট করার গভীর ষড়যন্ত্রের অংশ। যারা জনগণের রায়কে ভয় পায়, তারাই এ ধরনের কাপুরুষোচিত সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়।”

তিনি আরও বলেন, “রাজাপুরে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করতে একটি মহল সুপরিকল্পিতভাবে সহিংসতার পথ বেছে নিয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের কণ্ঠ রোধ করা যাবে না। দাঁড়িপাল্লার প্রতীক আজ আর শুধু একটি প্রতীক নয়—এটি ন্যায়, ইনসাফ ও গণআকাঙ্ক্ষার প্রতিচ্ছবি।”

মাওলানা মোঃ আবু ইউসুফ অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তিনি প্রশাসনকে রাজনৈতিক অফিস ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

বিবৃতিতে তিনি রাজাপুরবাসীসহ সকল সচেতন নাগরিককে শান্ত, ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান এবং বলেন, “ভয় নয়, ভোটই হবে জবাব।

শেয়ার করুনঃ