ঝিলংজা শ্রমিক দলে স্থগিত নেতা মনিরকে ঘিরে বিতর্ক

স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা শ্রমিক দলে নেতৃত্ব নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।

অভিযোগ রয়েছে,,জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় সম্মুখ সারিতে থেকে হামলায় জড়িত থাকা এবং বিভিন্ন অনিয়মের কারণে শ্রমিক লীগের পদধারী মনিরের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া সত্ত্বেও তাকে দল থেকে বহিষ্কার না করে কেবল সিনিয়র সভাপতি পদ স্থগিত রাখা হয়। তবুও সম্প্রতি ভারুয়াখালী শ্রমিক দলের কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

এ নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, আওয়ামী লীগের ঘনিষ্ঠ দালাল হিসেবে পরিচিত মনির বিএনপি ও ছাত্র আন্দোলনের ওপর একাধিক হামলায় সরাসরি অংশ নিলেও তাকে শ্রমিক দলের গুরুত্বপূর্ণ পদে বহাল রাখা হয়েছে।

নেতাকর্মীরা আরও অভিযোগ করেন, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মুতাহের আর্থিক লেনদেনের মাধ্যমে বিতর্কিত ও ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত মনিরকে সিনিয়র সভাপতি পদে বসিয়েছেন। এতে ত্যাগী নেতাদের মূল্যায়ন উপেক্ষিত হচ্ছে এবং দলের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে।

দলীয় সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে জেলা পর্যায়ের নেতাদেরও অসন্তোষ রয়েছে। তারা মনে করছেন— যদি এ ধরনের প্রভাবশালী ও বিতর্কিত ব্যক্তিদের অর্থের বিনিময়ে নেতৃত্বে স্থান দেওয়া হয়, তবে ত্যাগী নেতাকর্মীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়বে এবং আগামী দিনে বিএনপি বড় ধরনের আঘাতের মুখে পড়তে পারে।

নেতাকর্মীরা অবিলম্বে শ্রমিক দলের সভাপতি মুতাহেরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও মনিরকে বহিষ্কার করার দাবি জানিয়েছেন।

শেয়ার করুনঃ