ফরিদ আলম সিকদার, কক্সবাজার:
উখিয়া থানা পুলিশের বিশেষ অভিযানের সময় উপজেলা তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দীন সিকদারকে আটক করার পর রহস্যজনকভাবে ছেড়ে দেওয়া হয়েছে। অথচ একই রাতে স্থানীয় অনুসন্ধানী সাংবাদিক তানভীর শাহরিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয় জনমনে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড় উঠেছে।
জানা যায়, ২৯ সেপ্টেম্বর (সোমবার) রাত ১১টার দিকে উখিয়া উপজেলা সদর এলাকা থেকে টহল পুলিশ সালাউদ্দীন সিকদারকে আটক করে। তবে কিছু সময় পরেই তাঁকে থানার হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হকের প্রত্যক্ষ মদদে তাঁতীলীগ নেতাকে ছেড়ে দেওয়া হয়।
বিশ্বস্ত সূত্রের দাবি, সালাউদ্দীনের ভাই বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁর প্রভাব ও সুপারিশের কারণে ওসি কৌশলে তাঁতীলীগ নেতাকে ছেড়ে দেন।
এক পুলিশ কর্মকর্তা (নাম প্রকাশ না করার শর্তে) জানান,
সালাউদ্দীনকে আটক করা হয়েছিল ঠিকই, তবে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং হাতে ক্যানোলা লাগানো ছিল। তাই তাঁকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে, একই রাতে রাত ২টার দিকে উপজেলার ফলিয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে সাংবাদিক তানভীর শাহরিয়াকে গ্রেফতার করে পুলিশ। এলাকায় তিনি একজন প্রতিবাদী ও অনুসন্ধানী সাংবাদিক হিসেবে সুপরিচিত। সহকর্মীদের দাবি, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।
উখিয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ সোহেল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে তানভীরের ছবি দিয়ে লেখেন,
আপনি হাসিনার দেওয়া ১১টা মামলার আসামি। আপনি ১৬ বছর ধরে সীমান্ত জনপদের সম্রাট বদি ও জাহাঙ্গীর কবির চৌধুরীর বিরুদ্ধে কলম হাতে লড়ে গেছেন। ২৪-এর গণঅভ্যুত্থানেও ছিলেন কলম সৈনিক। আপনাকে সহযোদ্ধা বলতাম, কিন্তু আপনাকে রক্ষা করতে পারলাম না, ক্ষমা করবেন।
ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহলসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ালেও, একজন সাংবাদিককে কেন গ্রেফতার করা হলো?
এ বিষয়ে জানতে চাইলে ওসি জিয়াউল হক প্রথমে সালাউদ্দীনকে ছেড়ে দেওয়ার বিষয়টি অস্বীকার করলেও পরে স্বীকার করেন,
তিনি অসুস্থ ছিলেন, তাই পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
তবে একজন রাজনৈতিক নেতাকে ছেড়ে দিয়ে একজন সাংবাদিককে গ্রেফতারের বিষয়ে তিনি কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেননি।
সাংবাদিক তানভীর শাহরিয়ার-এর নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার বিকেলে উখিয়া সাংবাদিক সমাজ ও স্থানীয় নাগরিকদের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তারা বলেন,সাংবাদিকদের কলম বন্ধ করার এই ধরনের আচরণ গণতন্ত্রের জন্য হুমকি।
আমরা তানভীর শাহরিয়াকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানাই।
মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, নাগরিক সমাজ, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা আরও বলেন,
আইনের চোখে সবাই সমান,কিন্তু বাস্তবে উখিয়ায় ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।
রাজনৈতিক প্রভাবে পুলিশ যেভাবে নেতাকে ছেড়ে দিয়ে সাংবাদিককে আটক করেছে, তা গণমাধ্যমের স্বাধীনতার প্রতি স্পষ্ট হুমকি।
এ ঘটনায় উখিয়া জুড়ে ‘আইনের বৈষম্যমূলক প্রয়োগ’ নিয়ে তীব্র সমালোচনার ঝড় বইছে।