স্টাফ রিপোর্টার:-
কক্সবাজারের উখিয়া থানায় কর্মরত পুলিশের এসআই সৌরভের বিরুদ্ধে গুরুতর প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌসের দাবি, প্রায় দুই বছর আগে ভ্রমণপাড়া থানায় দায়িত্ব পালনকালে এসআই সৌরভ তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি তাকে একাধিকবার বিভিন্ন হোটেলে নিয়ে যান এবং কুমিল্লায় একটি ভাড়া বাসায় বসবাস করতে বাধ্য করেন।
অভিযোগকারী জানান, সৌরভ তাকে পূর্বের স্বামীকে তালাক দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন এবং দীর্ঘদিন ধরে মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেন। কিন্তু বিষয়টি প্রকাশ্যে আসতেই তিনি দায়িত্ব পালনের স্থান থেকে হঠাৎ উধাও হয়ে যান। বর্তমানে অভিযুক্ত কর্মকর্তা পলাতক রয়েছেন।
একজন আইন প্রয়োগকারী কর্মকর্তার এমন কর্মকাণ্ডে স্থানীয়ভাবে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জান্নাতুল ফেরদৌস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
সামাজিক ও নৈতিক প্রশ্নে এটি একটি গভীর উদ্বেগজনক ঘটনা বলে মনে করছেন সাধারণ মানুষ। ন্যায়বিচার নিশ্চিত করতে অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার দাবি উঠেছে।