মোঃ মাহাবুব আলম
রিপোর্টার
কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিশেষ আইন-শৃঙ্খলা কমিটি ও পূজা উদযাপন কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে আয়োজিত এ সভায় কেরানীগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় আইনশৃঙ্খলা কমিটির গণ অধিকারের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা দক্ষিণের ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম। তিনি বলেন,
“শারদীয় দুর্গোৎসব আমাদের সকলের আনন্দের উৎসব। এখানে কোনো প্রকার বিশৃঙ্খলা বা তৃতীয় পক্ষের ফায়দা নেওয়ার সুযোগ দেওয়া যাবে না। আজকের সভায় প্রশাসনের প্রত্যেকটি বিভাগের প্রধান উপস্থিত আছেন। তাদের উদ্যেশ্যে বলতে চাই—কেরানীগঞ্জে আইন-শৃঙ্খলার মারাত্মক অবনতি ঘটেছে, যার জন্য প্রশাসনের নিরবতাই দায়ী।”
তিনি আরো বলেন, “কেরানীগঞ্জে বর্তমানে অবৈধ বালু উত্তোলন, মাটি চুরি ও লুটতরাজ রমরমা ভাবে চলছে। এভাবে আর চলতে দেওয়া যায় না। প্রশাসনকে এখনই সজাগ হতে হবে, প্রয়োজনে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত আছি।”
সাজ্জাদ আল ইসলাম তার বক্তব্যে উল্লেখ করেন, স্থানীয় পর্যায়ে গণ অধিকার পরিষদ, এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দলসমূহ ঐক্যবদ্ধভাবে আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করবে যাতে শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে কেউ রাজনৈতিক ফায়দা নিতে না পারে।
সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।