মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জ-২ আসনের একটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অদ্য সকাল ০৯:২০ ঘটিকায় গোপালগঞ্জ সদর উপজেলাধীন রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রের প্রধান গেটের সামনে এক অজ্ঞাতনামা ব্যক্তি একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
বিস্ফোরণের ফলে ভোটকেন্দ্রের প্রধান গেটে স্থাপিত ডিজিটাল ব্যানারের রড লাইট ক্ষতিগ্রস্ত হয়। এ সময় দায়িত্ব পালনরত দুইজন আনসার সদস্য এবং ঘটনাস্থলে উপস্থিত প্রায় ১২ বছর বয়সী এক অজ্ঞাতনামা শিশু আহত হয়।
আহত আনসার সদস্যরা হলেন—
মোঃ জামাল মোল্লা (৩৯), পিতা: আব্দুল খালেক মোল্লা, সাং- মধুখালী, জেলা- ফরিদপুর (বাম চোখের উপরে আঘাতপ্রাপ্ত)
সুকান্ত মজুমদার, পিতা: সুনিল মজুমদার, সাং- তেতুলিয়া, থানা ও উপজেলা- গোপালগঞ্জ (বাম কানের উপরে আঘাতপ্রাপ্ত)
ঘটনার পরপরই আহতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। বিস্ফোরণের শব্দে ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে, ভোটকেন্দ্রে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং ভোটগ্রহণ কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্য প্রশাসন সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে।