খুলনা রেঞ্জের ডিআইজি’র চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ও জীবননগর থানা আকস্মিক পরিদর্শন

মোঃ নাঈম উদ্দীন
কার্পাসডাঙ্গা প্রতিনিধি
দামুড়হুদা, চুয়াডাঙ্গা।

খুলনা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ রেজাউল হক পিপিএম আজ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে চুয়াডাঙ্গা জেলা পুলিশ লাইন্স এবং জীবননগর থানা আকস্মিকভাবে পরিদর্শন করেন।

এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা এবং জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা।

পরিদর্শনকালে ডিআইজি মহোদয়কে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গার সুযোগ্য পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।

ডিআইজি মোঃ রেজাউল হক আসন্ন দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি বলেন, “পূজা যেন আনন্দময় ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়, সেদিকে পুলিশকে বিশেষভাবে নজর রাখতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের প্রত্যেক সদস্যকে নিরলসভাবে কাজ করে যেতে হবে।

জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের আস্থা অর্জন করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ মোস্তাফিজুর রহমান সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিআইও-১, ডিএসবি, ইনচার্জ, সিসিআইসি এবং পুলিশ লাইন্সের আরআই।

ডিআইজি’র এই আকস্মিক পরিদর্শন জেলার পুলিশ সদস্যদের মধ্যে পেশাদারিত্ব ও দায়িত্ববোধ আরও বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুনঃ