মোঃ নাঈম উদ্দীন
কার্পাসডাঙ্গা প্রতিনিধি
দামুড়হুদা, চুয়াডাঙ্গা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিজেদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশ নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।
এরই ধারাবাহিকতায় রোববার, ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাসিক কীট পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত হয়।
জেলার বিভিন্ন ইউনিট থেকে আসা পুলিশ অফিসার ও সদস্যরা এই প্যারেডে অংশ নেন। সকাল ৯টায় প্যারেড শুরু হয়।
পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ করেন। এরপর তিনি প্যারেডে অংশ নেওয়া সকল পুলিশ সদস্যের ব্যক্তিগত কীট (সরঞ্জাম) সামগ্রী খুঁটিয়ে দেখেন।
এ সময় তিনি প্রতিটি ইউনিফর্ম, বুট এবং অন্যান্য সরঞ্জামাদি তাদের মান অনুযায়ী আছে কি না তা যাচাই করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার তার সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের জন্য সঠিক সরঞ্জাম অত্যন্ত জরুরি।
পুলিশ সদস্যদের ভালো মানের এবং পরিচ্ছন্ন পোশাক ও সরঞ্জাম তাদের মনোবল বৃদ্ধি করে এবং জনগণের কাছে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করে।
তিনি জেলা পুলিশের বিভাগীয় পোশাক ভাণ্ডারের ইনচার্জকে নির্দেশ দেন, প্রাপ্যতার ভিত্তিতে যেন সকল সদস্যকে দ্রুত প্রয়োজনীয় মালামাল সরবরাহ করা হয়।
একই সঙ্গে, মালামাল সংক্রান্ত কোনো সমস্যা হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরকারি নম্বরে যোগাযোগ করার পরামর্শও দেন।
কীট পরিদর্শন শেষে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।
তিনি শৃংখলা, ড্রেসরুলস মেনে পূর্ণাঙ্গ পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সঙ্গে উত্তম ব্যবহার-এর ওপর জোর দেন।
তিনি বলেন, জনগণের বন্ধু হিসেবে পুলিশের আচরণ হওয়া উচিত পেশাদার ও মানবিক।
এই প্যারেডে আরও উপস্থিত ছিলেন খন্দকার রুহুল আমিন, আরআই, পুলিশ লাইন্স চুয়াডাঙ্গা-সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও সদস্যবৃন্দ।
এই ধরনের প্যারেড নিয়মিত আয়োজন করা হয় যেন পুলিশ সদস্যরা সব সময় তাদের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে পারেন।