মোঃ নাঈম উদ্দীন
কার্পাসডাঙ্গা প্রতিনিধি
দামুড়হুদা, চুয়াডাঙ্গা।
আজ ২৫ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের ড্রিলশেডে অনুষ্ঠিত হয়েছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সেপ্টেম্বর মাসের মাসিক কল্যাণ সভা।
এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। সভায় জেলা পুলিশের সকল স্তরের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
কল্যাণ সভার শুরুতে অবসর উত্তর ছুটি (পিআরএল)-এ যাওয়া চারজন পুলিশ সদস্যকে বিদায় সংবর্ধনা জানানো হয়। পেশাদারিত্ব ও সততার সাথে দীর্ঘ চাকরিকাল সম্পন্ন করে অবসরে যাওয়া এই সদস্যরা হলেন এএসআই (নিরস্ত্র) মো. লতিফুর রহমান, কনস্টেবল মো. আমিরুল ইসলাম, কনস্টেবল মো. আব্দুল হান্নান এবং কনস্টেবল মো. আবুল কালাম আজাদ।
পুলিশ সুপার তাঁদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন এবং তাঁদের দীর্ঘ কর্মজীবনের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা উপস্থিত সকলের কথা মনোযোগ সহকারে শোনেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও চাহিদার বিষয়ে খোঁজ-খবর নেন।
তিনি পূর্ববর্তী কল্যাণ সভায় উত্থাপিত বিষয়গুলোর সমাধান নিয়েও আলোচনা করেন। এ সময় বিভিন্ন থানা, ক্যাম্প ও ফাঁড়ির প্রয়োজনীয় দাপ্তরিক সামগ্রী ও ক্রোকারিজ সরবরাহ করা হয়, যা মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে সহায়ক হবে।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি বলেন, পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টি তাঁর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পায়।
জনগণের প্রতি পুলিশি সেবা আরও সহজ ও উন্নত করার জন্য তিনি সকল অফিসার ও ফোর্সকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেন।
উক্ত মাসিক কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. আনোয়ারুল কবির, ডিআইও-১, ডিএসবি, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, টিআই (প্রশাসন), সকল ক্যাম্প ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এই সভা পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।