জীবননগরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

 

​মোঃ নাঈম উদ্দীন
কার্পাসডাঙ্গা প্রতিনিধি
​দামুড়হুদা, চুয়াডাঙ্গা।

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ, বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সরকারের বিভিন্ন নির্দেশনার পাশাপাশি স্থানীয়দের মতামত ও পরামর্শ নিয়ে আলোচনা করা হয়।

​সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন। সভাপতির বক্তব্যে তিনি পূজা উদযাপনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।

তিনি বলেন, প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা সচল রাখতে হবে এবং স্বেচ্ছাসেবকদের একটি তালিকা প্রস্তুত করতে হবে।

এছাড়া, মন্দিরের দৃশ্যমান স্থানে ইউএনও, ওসি এবং মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মোবাইল নম্বর টানানোর ব্যবস্থা করতে হবে।

​ইউএনও আরও জানান, প্রতিটি মন্দিরের বিদ্যুৎ সংযোগ নিরাপদ আছে কিনা তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, “পূজার সময় যেন মন্দিরে সবসময় লোকসমাগম থাকে, তা নিশ্চিত করতে হবে।

পূজার আগে আমরা প্রতিটি মন্দির পরিদর্শন করব। আপনাদের শতভাগ সহযোগিতা নিশ্চিত করতে আমরা সব ধরনের প্রস্তুতি নেব।”

​সভায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

​এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইব্রাহিম খলিল, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোজাফ্ফর রহমান সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

​উপজেলার ২৫টি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরাও সভায় উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন জীবননগর উপজেলা কমিটির আহ্বায়ক শ্রী জীবন চন্দ্র সেন এবং সদস্যসচিব শ্রী প্রশান্ত কুমার দাস।

​সভায় অংশগ্রহণকারীরা দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণ পূজা উদযাপনের জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ