মোঃ নাঈম উদ্দীন
কার্পাসডাঙ্গা প্রতিনিধি
দামুড়হুদা, চুয়াডাঙ্গা।
চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন উথলী এলাকায় এক বিশেষ মাদক বিরোধী অভিযানে ৬৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জীবননগর থানা পুলিশ।
চুয়াডাঙ্গার সম্মানিত পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় এবং জীবননগর থানার অফিসার ইনচার্জ জনাব মামুন হোসেন বিশ্বাস-এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
আজ, ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দুপুর ১:৩০ ঘটিকায় জীবননগর থানার এসআই শাহীন আলম তার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযানটি পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, জীবননগর থানাধীন উথলী আমতলা আইডিয়াল কিন্ডার গার্ডেন স্কুলের বিপরীত পাশে পশ্চিম দিকে একটি বাঁশ বাগানের নিচে কাঁচা রাস্তার উপর মাদক কেনাবেচা হচ্ছে।
অভিযানকালে সেখান থেকে মোঃ উজ্জ্বল (২৭) নামে এক যুবককে আটক করা হয়। উজ্জ্বল উথলী আমতলাপাড়া গ্রামের মোঃ আক্কাস আলী ও মোছাঃ বুলিনা বেগমের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ উজ্জ্বল-এর দেহ তল্লাশি করে এবং তার কাছ থেকে ৬৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবাগুলো জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।