বাগেরহাটে রিমান্ডে থাকা আসামির মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে রিমান্ডে থাকা অবস্থায় মোজাফফর (২৬) নামের এক আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মোজাফফর বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা এলাকার ওহাবের ছেলে।

পুলিশ জানায়, গত ১৮ সেপ্টেম্বর রাতে রাখালগাছি এলাকায় বৈদ্যুতিক তার, ট্রান্সফরমারসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরির ঘটনায় স্থানীয়রা মোজাফফরসহ চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। ওইদিনই তাদেরকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

পরবর্তীতে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পুলিশের আবেদনে আসামিদের একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। সদর থানায় রিমান্ডে থাকা অবস্থায় শুক্রবার সকালে মোজাফফর অসুস্থ হয়ে পড়েন। এসময় অন্য আসামিরা বিষয়টি পুলিশকে জানায়। সকাল সাড়ে ৭টার দিকে তাকে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টায় তাকে মৃত ঘোষণা করেন।

দুপুর ১২টা পর্যন্ত নিহত মোজাফফরের স্বজনদের কাউকে হাসপাতালে পাওয়া যায়নি। এদিকে, সুরতহাল প্রতিবেদন ও আইনগত প্রক্রিয়া শেষে মরদেহের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

শেয়ার করুনঃ