জি,এম,আমিনুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
আগামী শনিবার (৭ফেব্রুয়ারি) শ্যামনগরের নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে যোগ দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
অনুষ্ঠিতব্য জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সহ জামায়াত ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর। রহমানের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতল্লা সিবগা, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট মাওলানা আবদুর রহমান। মূল বক্তব্য উপস্থাপন করেন সাতক্ষীরা-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দিন মাহমুদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আযম মনির, উপজেলা যুব বিভাগের সভাপতি সাইদি হাসান বুলবুল প্রমুখ।
সংবাদ সম্মেলনে গাজী নজরুল ইসলাম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শ্যামনগরে আয়োজিত এই জনসভায় দেশ ও জাতির গুরুত্বপূর্ণ সমসাময়িক ইস্যু, গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের ন্যায্য অধিকার নিয়ে অতিথিরা বক্তব্য রাখবেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জনসভাকে ঘিরে প্রায় দেড় লক্ষাধিক মানুষের সমাগম ঘটতে পারে বলে আশা করা হচ্ছে। সমাবেশস্থলে নারী ও পুরুষের জন্য পৃথক বসার ব্যবস্থা থাকবে। পাশাপাশি কয়েকটি বড় এলইডি ডিসপ্লের মাধ্যমে জনসভা সরাসরি সম্প্রচার করা হবে। জনসভায় শতাধিক মাইকের মাধ্যমে বক্তব্য প্রচার করা হবে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় একাধিক স্তরের স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে বলেও জানানো হয়।