(মোঃ রিফাত আলী দেওয়ানগঞ্জ প্রতিনিধি)
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা নদীর অসময়ের ভাঙনে চরম দুর্ভোগে পড়েছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। উপজেলার চিকাজানি ইউনিয়নের বিভিন্ন স্থানে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে দেওয়ানগঞ্জ টু খোলাবাড়ী সড়কের হুদার মোড় এলাকায় যমুনা নদীর ভাঙন দ্রুতগতিতে বাড়ছে। এতে গুরুত্বপূর্ণ ওই সড়কটি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। যেকোনো মুহূর্তে সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, ভাঙন রোধে এখনো কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে জনজীবন ও যান চলাচলে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে বলে তারা মনে করছেন।
এ বিষয়ে স্থানীয়রা অবিলম্বে প্রশাসনের সুদৃষ্টি ও জরুরি ভাঙন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।