বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে নওগাঁয় লিফলেট বিতরণ

 

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ-৫ আসনের তিলেকপুর ও দুবলহাটি ইউনিয়নে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে একদিনে প্রায় দুই হাজার লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার এলাকায় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন।

দুপুরে উপজেলার ফতেপুর বাজার ও পাশের শিক্ষা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন আসনটির মনোনয়ন প্রত্যাশী সাবেক জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ হাসান তুহিন।

গণসংযোগকালে তিনি বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আজ জাতীয় প্রয়োজন। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশকে সঠিক পথে পরিচালনার জন্য বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এজন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে জনগণ পরিবর্তন ও গণতন্ত্রের পক্ষে রায় দেবে। বিএনপি জনগণের পাশে থেকে অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাবে।

রাজনৈতিক অভিজ্ঞতার প্রসঙ্গে তিনি জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে জেলা ছাত্রদল ও বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ প্রতিটি গণআন্দোলনে রাজপথে ছিলেন, জেল-জুলুম ও রক্ত দিয়েছেন। জনগণের স্বার্থে কাজ করাই তার অঙ্গীকার।

তিনি প্রতিশ্রুতি দেন— দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসমুক্ত, বৈষম্যহীন ও সমৃদ্ধ নওগাঁ গড়ে তুলতে কাজ করবেন। “নওগাঁর মানুষের স্বপ্ন পূরণই হবে আমার জীবনের সর্বোচ্চ অর্জন,” বলেন তিনি।

তুহিন আরও দাবি করেন, নওগাঁ রাজনৈতিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক অঙ্গনে ঐতিহ্যমণ্ডিত জনপদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি এখানে শক্ত ভিত্তি গড়ে তুলেছে। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এ জনপদে বিএনপির কর্মসূচি নতুন গতি পেয়েছে।

এ সময় জেলা মিউজিক ফোরামের সভাপতি ও যাযাবর ব্যান্ডের ভোকাল খালেদুল ইসলাম কাপ্টেনসহ সংগঠনের সদস্যরা তার সঙ্গে ছিলেন।

শেয়ার করুনঃ