আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের নবনির্বাচিত এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু জনতার ভালোবাসায় সিক্ত হয়েছেন। সদ্য নির্বাচনে বিজয়ী হবার পর তাকে শুভেচ্ছা জানাতে বিভিন্ন স্তরের লোকজন দলীয় কার্যালয়ে ও তার বাসভবনে সকাল থেকে ভিড় জমায়।
শুভেচ্ছা বিনিময়কালে এমপি রেজাউল ইসলাম রেজু বলেন, আমার প্রধান কাজ এলাকায় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা। আত্রাই-রাণীনগরের সার্বিক উন্নয়নে আমি বদ্ধপরিকর। প্রতিপক্ষ নয়, নির্বাচনী এলাকার সবাই আমার লোক-আমি এই নীতিতেই বিশ্বাস করি। সুতরাং সকলকে সাথে নিয়ে আমি কাজ করতে চাই।
আত্রাই ও রাণীনগর দুই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ সংসদীয় আসন। গত বৃহস্পতিবার এই আসনের মোট ১১৫টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮ হাজার ৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত খবিরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৫ হাজার ৮৮৬ ভোট।
আল আমিন মিলন