উল্লাপাড়ায় বিএনপির ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগে জামায়াতের ইউনিয়ন আমীর ও সেক্রেটারী গ্রেপ্তার –

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

‎সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের গজাইল গ্রামে নির্বাচন-পরবর্তী সহিংসতায় বিএনপির নেতাকর্মীদের দোকান ও বাড়িতে হামলা-ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত যুবদল নেতা আব্দুল লতিফ বাদী হয়ে শুক্রবার ১৩ ফেব্রুয়ারী রাত্রে উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছিলেন। পরে শনিবার (১৪ ফেব্রুয়ারী) রাত্রে উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল আলীম সরদার ও সাধারণ সম্পাদক মোঃ কাদের কে গ্রেপ্তার করেছেন উল্লাপাড়া মডেল থানা পুলিশ। মামলা সূত্রে জানা যায় শুক্রবার (১৩ ফেব্রুয়ারী)  ভোর রাত্রে গজাইল বাজারে উধুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে হামলা চালিয়ে মালামাল ভাংচুর ও লুট করা হয়েছিলো। ক্ষতিগ্রস্তের দাবি, প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি অভিযোগ করেছিলেন,নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থীর পরাজয়ের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর উধুনিয়া ইউনিয়নের আমীর ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা এই হামলা চালায়। তবে অভিযোগ অস্বীকার করে উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল আলীম সরদার বলেছেন, বিএনপির লোকজনই আগে তাদের অফিসে হামলা চালিয়েছে। এই বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযমের নিকট জানতে চাইলে, তিনি চ্যানেল এইচডি ২৪ এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক স্বদেশ বিচিত্রার সিরাজগঞ্জের স্টাফ রিপোর্টার মোঃ মোসলেম উদ্দিন সিরাজী কে বলেছেন,অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল আলিম সরদার ও সাধারণ সম্পাদক মোঃ কাদের খন্দকার কে শনিবার রাত্রে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলাবাহিনী সর্বদা তৎপর রয়েছেন।

শেয়ার করুনঃ