নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার
বগুড়ার গাবতলী উপজেলায় মোঃ সাইফুল ইসলাম (৪০) নামে ৭টি ট্রাকের এক মালিককে জবাই করে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। শনিবার দিনগত রাত থেকে রোববার ভোরের মধ্যে যে কোনো সময়ে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, বগুড়ার গাবতলী পৌরসভার সোন্দাবাড়ী (পূর্ব পাড়া) গ্রামের বাসিন্দা ও ৭টি ট্রাকের মালিক মোঃ সাইফুল ইসলাম (৪০), পিতা মোঃ জামাল উদ্দিন প্রাং (জামু) কে তার বাড়ির উত্তর পাশে একটি ঘাসের জমিতে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টা থেকে ভোর ৫টার মধ্যে যে কোনো সময়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, সকালে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনিছুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবু মুসা সরকার এবং এসআই মোঃ মাহবুবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন।
পরে এসআই মাহবুবুর রহমান নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
স্থানীয়দের ধারণা, ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটতে পারে।
এ বিষয়ে গাবতলী মডেল থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।