মোঃ নাদিরুজ্জামান প্রধান মানিক
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি।
লালমনিরহাট-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের ব্যারিস্টার হাসান রাজিব প্রধান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা বেসরকারি ফলাফল নিশ্চিত করেন। ফলাফল অনুযায়ী পাটগ্রাম ও হাতীবান্ধা দুই উপজেলা মিলিয়ে ব্যারিস্টার হাসান রাজিব প্রধান মোট ১ লাখ ৩৭ হাজার ৬৯৭ ভোট অর্জন করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মু. আনোয়ারুল ইসলাম রাজু পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট।
এতে মোট ৯ হাজার ৭৮০ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান বেসরকারিভাবে নির্বাচিত হন।
উপজেলা ভিত্তিক ফলাফলে দেখা যায়, হাতীবান্ধা উপজেলার ৭৭টি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীক পেয়েছে ৬৫ হাজার ৪৮৩ ভোট, যেখানে দাঁড়িপাল্লা পেয়েছে ৬৪ হাজার ১৩৪ ভোট। অপরদিকে পাটগ্রাম উপজেলার ৬০টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীক পেয়েছে ৭২ হাজার ২১৪ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৬৩ হাজার ৭৮৩ ভোট। সব মিলিয়ে দুই উপজেলায় ধানের শীষ প্রতীক ৮ হাজার ৪৩১ ভোটে এগিয়ে থাকে এবং মোট ফলাফলে ৯ হাজার ৭৮০ ভোটের ব্যবধানে ব্যারিস্টার হাসান রাজিব প্রধানকে বিজয়ী ঘোষণা করা হয়।